প্রাইম ভিশন ডেস্ক »
হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অতি দ্রুত তাঁর হৃদযন্ত্রের এনজিওগ্রাম করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ খবর জানান। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এ নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়।
খালেদা জিয়া হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন জানিয়ে এ জেড এম জাহিদ বলেন, ‘ম্যাডামের করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। অতি দ্রুত তাঁর হৃদ্যন্ত্রে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। একই সঙ্গে মেডিকেল বোর্ড ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও পরামর্শ দিয়েছে।’
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, শনিবার দুপুরে জরুরিভিত্তিতে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হয়। বিএনপির চেয়ারপারসন সংকটাপন্ন নন, তবে তার অবস্থা স্থিতিশীলও নয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।’
এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি বলেছিলেন, ‘ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হবে। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
হঠাৎ অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে শুক্রবার রাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে শনিবার মেডিক্যাল বোর্ডের বৈঠক বসে।
সে বৈঠক শেষে ডা. জাহিদ বলেছিলেন, ‘প্রয়োজনে এনজিওগ্রাম করানো লাগবে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা লাগবে। তার পরে গিয়ে বুঝতে পারব।’


