চট্টগ্রাম জেলার সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণে করণীয় নির্ধারণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর সভাপতিত্বে ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে ট্রাফিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৪ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক অফিস, ফৌজদারহাটে অনুষ্ঠিত কনফারেন্সে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শকবৃন্দ, বিভিন্ন ট্রাফিক জোনের ইনচার্জ এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে চট্টগ্রাম জেলার যানজট নিরসন, সড়ক শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন ও বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়ন, অবৈধ পার্কিং ও বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং পথচারীসহ সকল সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতকরণে ট্রাফিক পুলিশের ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, ট্রাফিক পুলিশ সড়কে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিতকারী একটি গুরুত্বপূর্ণ সেবামূলক ইউনিট হিসেবে কাজ করে। যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার পরিবেশ বজায় রাখতে ট্রাফিক পুলিশকে আরও আন্তরিক, পেশাদার ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে।
তিনি ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, মাঠপর্যায়ে কার্যকর তদারকি, দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক আইন লঙ্ঘনের ক্ষেত্রে নিরপেক্ষ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, বাজার ও ব্যস্ততম এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
কনফারেন্সে “শৃঙ্খলিত সড়ক, নিরাপদ যাত্রা” এই লক্ষ্যকে সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


