প্রাইম ভিশন ডেস্ক »
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। একই সঙ্গে মক্কা ও মদিনার আকাশসীমা বাদে সৌদির পুরো আকাশসীমাকে নিজেদের সামরিক অভিযানের জন্য ‘ওপেন টার্গেট’ (উন্মুক্ত লক্ষ্যবস্তু) ঘোষণা করেছে গোষ্ঠীটি।
সোমবার এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের দেশের ওপর সৌদি আগ্রাসনের জবাবে… ইয়েমেনের সশস্ত্র বাহিনী রিয়াদের কিং খালেদ বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে।’
বিবৃতিতে দাবি করা হয়, হামলাটি ‘সুনির্দিষ্ট’ ছিল এবং এতে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে।
এর আগে, সোমবার সৌদি আকাশসীমা ব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছিল হুথিরা। এক বিবৃতিতে তারা বলেছিল, ‘মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা বাদে সৌদি আকাশসীমা আমাদের অভিযানের জন্য উন্মুক্ত ক্ষেত্র।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সৌদি আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে আমাদের সতর্কবার্তা উপেক্ষা করার ফলে যে কোনো পরিণতির দায় আমরা নেব না।’


