প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। গতকাল সোমবার বিকালে উপজেলার দক্ষিণ ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা শিশু হলো একই এলাকার প্রবাসী মুহাম্মদ সরওয়ার আলমের মেয়ে মারিয়া (৬) ও মুহাম্মদ বেলাল উদ্দিনের মেয়ে সাদিয়া (৬)। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও শিশুদের স্বজনরা জানান, সোমবার সবার অগোচরে বসত ঘরের পাশে পুকুরের পানিতে নামে দুই শিশু। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পরে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয় তাদেরকে। জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুর হোসেন জানিয়েছেন, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম মাসুদ জানান, লোকমুখে ঘটনাটি জানতে পেরেছি। তবে এখনো কেউ থানায় যোগাযোগ করেনি।


