প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। সব দেশ মিলিয়ে চলতি বছরে টেস্টে এটাই প্রথম হ্যাটট্রিক। আফগানদের প্রথম ইনিংসে হাসান ২১ ওভার বল করে ৫ মেডেনসহ মাত্র ৫৫ রানে নিয়েছেন ৫ উইকেট। ১৭* ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটা তার চতুর্থ ফাইফার।
আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই দ্বিতীয় নতুন বল পায়ে বাংলাদেশ। এই নতুন বলের সুবিধাই দারুণভাবে কাজে লাগিয়েছেন হাসান ও এবাদত। দিনের তৃতীয় ওভারে প্রথম সাফল্য আসে এবাদতের হাত ধরে। এই গতি তারকার অফ স্টাম্পের বাইরে পড়া বলটি দারুণভাবে ভেতরে ঢুকে ইকরামের ব্যাট–প্যাডের ফাঁক গলে সরাসরি স্টাম্পে আঘাত হানে। চলতি ইনিংসে এটি এবাদতের তৃতীয় উইকেট।
এরপর মঞ্চে আবির্ভাব হাসান মাহমুদের। আফগানদের ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিনি আউট করেছেন ইসমত, কায়েস ও জিয়া–উর–রেহমানকে। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। তার আগে হ্যাটট্রিক করা দুজনেই ছিলেন স্পিনার- অলক কাপালি (২০০৩) এবং সোহাগ গাজী (২০১৩)।
হাসানের তৃতীয় বলটি ছিল ব্যাক অব আ লেংথের, যা নিচু হয়ে ঢুকে যায় ভেতরে। সরাসরি বোল্ড হয়ে যান ইসমত। পরের বলটি কায়েসের ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে যাচ্ছিল, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন লিটন দাস। পঞ্চম বলটিতে জিয়া-উর–রেহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।
উল্লেখ্য, ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৪৬ রানে। বড় স্কোর হলেও নেই কোনো সেঞ্চুরি। পঞ্চাশোর্ধ স্কোর গড়েছেন তানজিদ তামিম (৮৩), সাদমান ইসলাম (৬৭) এবং লিটন দাস (৫৩)। আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪০ রানে। বাংলাদেশের থেকে তারা ১০৬ রানে পিছিয়ে আছে।


