Homeএই মুহুর্তেচমেক হাসপাতালের দ্বিতীয় ইউনিটের কার্যক্রম এগিয়ে নিতে কাজ করব : মীর হেলাল

চমেক হাসপাতালের দ্বিতীয় ইউনিটের কার্যক্রম এগিয়ে নিতে কাজ করব : মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, চট্টগ্রাম গত ১৯ বছরে অত্যন্ত অবহেলিত ছিল। অথচ এ অঞ্চল থেকে অনেক বড় মন্ত্রী হয়েছেন। চট্টগ্রামের সন্তান হিসেবে এ নগরের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে আমি অবগত। আমার জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রাম নগরে। তাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দ্বিতীয় ইউনিটের কার্যক্রম এগিয়ে নিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। গতকাল বিকেলে চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জমি নির্ধারণে এমন স্থানকে গুরুত্ব দিতে হবে, যেখানে বেশি মানুষ সহজে চিকিৎসাসেবা নিতে পারবেন। একই সঙ্গে জমি অধিগ্রহণ বা স্থান নির্ধারণের ক্ষেত্রে অন্য কারও জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, সেদিকেও নজর দিতে হবে। সরকার কারও ব্যক্তিগত সুবিধা–অসুবিধা দেখার জন্য নয়, সরকার জনগণের সেবা নিশ্চিত করার জন্য। এমন একটি সুবিধাজনক স্থান খুঁজে বের করতে হবে, যেখানে অনেক মানুষকে একসঙ্গে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। জায়গা খুঁজতে গিয়ে আরও ১০ বছর পার হয়ে গেলে আমাদের উদ্দেশ্য পূরণ হবে না।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সৌভাগ্য, মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রীও চট্টগ্রামের সন্তান। আমরা সবাই তাঁর কাছে গেলে বিশ্বাস করি, চমেক হাসপাতালের দ্বিতীয় ইউনিট বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ তিনি নেবেন। ভূমির বিষয়ে আমিও চট্টগ্রামের সন্তান হিসেবে সহযোগিতা করতে পারব।

ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা বিশ্বের অন্যতম মহৎ পেশা। দেশের মানুষের সেবায় চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পেছনে পরিবার ও রাষ্ট্রের বিপুল বিনিয়োগ থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। কি–নোট স্পিকার ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং চমেক উপাধ্যক্ষ ডা. মো. আনিসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়