প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তাঁর স্ত্রী ডিন ডাওকে সঙ্গে নিয়ে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিপইয়ার্ড পরিদর্শন করেছেন।
এ সময় তিনি বাংলাদেশের প্রথম গ্রিন শিপইয়ার্ড হিসেবে পরিচিত পিএইচপির জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা এবং এ খাতে অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা পিএইচপি শিপইয়ার্ডে পৌঁছান। সফরকালে তাঁরা ইয়ার্ডের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য রাখা একটি জাহাজ পরিদর্শন করেন।
পরে পিএইচপি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অংশ নেন।
পরিদর্শন শেষে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিথি মন্তব্য বইয়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন লেখেন, ‘এখানে আসতে পেরে এবং এই গুরুত্বপূর্ণ কাজটি নিরাপদে সম্পন্ন করার জন্য আপনাদের অব্যাহত প্রচেষ্টা দেখে ভালো লাগছে।
ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি’।
মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লীনা খানও পিএইচপি শিপইয়ার্ড পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকুকে একটি প্রশংসাসূচক বার্তা পাঠিয়েছেন।
বার্তায় তিনি বলেন, শিপইয়ার্ডে উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি কৃতজ্ঞ। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া সম্পর্কে জানা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যাপারে পিএইচপির দৃঢ় অঙ্গীকার প্রত্যক্ষ করা তাঁর জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। গুরুত্বপূর্ণ এ শিল্পে অর্জিত অগ্রগতি সত্যিই অনুপ্রেরণাদায়ক বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন লীনা খান।
পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু এবং পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ এ সফর ও ব্যবস্থাপনা পর্যায়ের আলোচনায় সংশ্লিষ্ট ছিলেন।
বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের ইস্পাতশিল্পের কাঁচামাল সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে এ শিল্পের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের নিরাপত্তা, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বিপজ্জনক বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের প্রথম গ্রিন শিপইয়ার্ড হিসেবে পিএইচপি শিপইয়ার্ডের পরিচিতি পরিবেশবান্ধব ও দায়িত্বশীল জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। নিরাপদ কর্মপরিবেশের প্রতি অঙ্গীকার এবং আন্তর্জাতিক মান অনুসরণের প্রচেষ্টা দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।
রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী ডিন ডাও, মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লীনা খান, অর্থনৈতিক কর্মকর্তা জন ব্রান্সডেল, নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যারিক ওয়েলস, অর্থনৈতিক বিশেষজ্ঞ আসিফ আহমেদ, লেবার স্পেশালিস্ট সাইফুজ্জামান মেহরাব, পাবলিক ডিপ্লোম্যাসি কো-অর্ডিনেটর মাহাদি আল হাসনাত এবং দূতাবাসের অন্যান্য নিরাপত্তাকর্মী।
মার্কিন রাষ্ট্রদূত ও দূতাবাসের লেবার অ্যাটাশের ইতিবাচক মন্তব্য পিএইচপি শিপইয়ার্ডের কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা এবং দায়িত্বশীল জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের গুরুত্বকে তুলে ধরেছে। এ সফর সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগ ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা আরও জোরদার করার সুযোগ সৃষ্টি করেছে।


