প্রাইম ভিশন ডেস্ক »
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার ওই বাড়িতে আগুন লাগে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নিয়মিত টহলের সময় পুলিশ সদস্যরা বাড়িটিতে আগুন দেখতে পান। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
ওসি বলেন, বাড়িটির নিচতলা বর্তমানে অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবারের সদস্যরা বসবাস করেন। ঘটনার পর বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের পৈতৃক নিবাস চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়া উপজেলার গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা।


