Homeএই মুহুর্তেসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

প্রাইম ভিশন ডেস্ক »

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে।

নুরুল ইসলাম নাহিদ সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি এ দায়িত্ব পালন করেন।

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গতকাল মধ্যরাতে আটক হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। খবর বিবিসি বাংলা।

তবে জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ায় এবিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি ওই কর্মকর্তা।

আটক হবার আগে বেশ কয়েকবার সামাজিক মাধ্যমের ভেরিফায়েড ফেসবুকে এসে লাইভ করেছিলেন জ্যোতিকা জ্যোতি।

সেসময় কাঁদতে কাঁদতে দাবি করেছিলেন, তিনি কোনো অন্যায় করেননি। হাতকড়া না পরানোর অনুরোধও করেন জ্যোতি।

তবে পরে তার প্রোফাইলে ভিডিওগুলো আর পাওয়া যায়নি।

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন জ্যোতিকা জ্যোতি। পরে টেলিভিশন নাটকের পরিচিত মুখে পরিণত হন। অভিনয় করেছেন একাধিক চলচ্চিত্রে। যুক্ত হন রাজনীতিতেও।

জ্যোতিকা জ্যোতি ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।

২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে কর্মস্থল ছেড়ে যান তিনি।

জ্যোতিকা জ্যোতি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়