Homeএই মুহুর্তেভিসির পদত্যাগের দাবিতে চুয়েটে ভোররাতে বিক্ষোভ, অর্ধদিবস ঘোষণা

ভিসির পদত্যাগের দাবিতে চুয়েটে ভোররাতে বিক্ষোভ, অর্ধদিবস ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে বিক্ষোভ করেন তাঁরা।

জরুরি সভা শেষে বের হওয়া এই মিছিলে শিক্ষার্থীরা ‘শরিফুল বয়কট’, ‘শরিফুল মানি না’ সহ নানা স্লোগান দেন। ভিসি হিসেবে শরিফুলের দায়িত্ব নেওয়ার ৬৬ দিনের মাথায় এই গভীর রাতে বিক্ষোভের ঘটনা ঘটল। এর আগে শিক্ষার্থীরা টানা ৩৬ দিন আন্দোলন করেছিলেন।

আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে গতকাল মঙ্গলবার রাত থেকে ভোররাত পর্যন্ত শিক্ষার্থীদের একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে ক্যাম্পাসে অর্ধদিবস ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি আজ বুধবার সকাল ১১টায় চুয়েট শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। শিক্ষক সমিতির এই সভাকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের আর্কিটেকচার ভবনের সামনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে, যেখানে শিক্ষার্থীদের আরেকটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন সমস্যা সমাধান এবং নানান বকেয়া ও দায়দেনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বর্তমান উপাচার্য।

তারা এই উপাচার্য মানেন না বলেও জানান।

তথ্য মতে, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে অধ্যাপক শেখ শরিফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর থেকে লকডাউনসহ ধারাবাহিক আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আলাদা কর্মসূচি পালন করতে থাকেন। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় ভিসি পদে আসীন করার দাবিতে এই আন্দোলন শুরু হয়।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার ভোররাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বিক্ষোভে ভিসির দ্রুত পদত্যাগ চেয়েছে শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়