Homeএই মুহুর্তেসিলেটে আটক বদির ছেলে, ভাইসহ চারজন

সিলেটে আটক বদির ছেলে, ভাইসহ চারজন

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রহমানসহ চারজনকে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন বদির সহযোগী আবদুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অন্য একটি ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। পরে অবস্থান শনাক্ত করে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল হোটেলটিতে যায়। রাত পৌনে ১টার দিকে অভিযান শুরু হয়। এ সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বদির ছেলে, ভাইসহ চারজন সেখানে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের সিলেটে যাওয়ার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকায় মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ঢাকা মহানগর পুলিশ ও কক্সবাজার পুলিশের সদস্যরা সিলেটে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ ও মামলাসংক্রান্ত তথ্য যাচাই করবেন। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি। তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তার ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়