প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে ভূমি অফিস ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এ নাশকতার চেষ্টা করেছে বলে ধারণা পুলিশের। এছাড়া একটি ট্রাকেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যদিও সেটি নাশকতা কী না নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গতকাল বুধবার গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর উত্তর কাট্টলীর রাসমণি ঘাট এলাকায় ভূমি অফিস এবং বড়পোলে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ট্রাকে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে নগরীর বাকলিয়ায়।
নগরীর কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার আবু সালেহ মোহাম্মদ আরমান ভূঁইয়া জানালেন, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উত্তর কাট্টলী রাসমণি ঘাটে সার্কেল অফিসের আওতাধীন একটি ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় অফিসটি তালাবদ্ধ ছিল। আগুনে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এ ঘটনায় মামলা করা হচ্ছে বলে তিনি জানালেন।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বললেন, ‘বাইরে থেকে অথবা সীমানাপ্রাচীর টপকে ভূমি অফিস চত্বরে ঢুকে জানালার পর্দায় কে বা কারা আগুন দিয়েছে। ধোঁয়া দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যায়। ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। আগুন নিভিয়ে ফেলা হয় দ্রুত।’
আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানালেন ওসি, ‘ভূমি অফিসটিতে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী ছিলেন। তিনি ভাত খেতে গিয়েছিলেন। আগুনের উৎস তদন্ত করে দেখা হচ্ছে।’
আজ বৃহস্পতিবার ভোরে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এতে স্থাপনাটির জানালা আংশিক পুড়ে গেছে। ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেওয়ালের কিছু অংশ কালো হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানালেন, পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার জি-ব্লকের ছয় নম্বর সড়কে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে একটি ট্রাকে আগুন লাগে। পুলিশ গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম বললেন, ‘ট্রাকটি গত ১ নভেম্বর দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। সেটা কল্পলোক আবাসিক এলাকার ভেতর পার্ক করে রাখা হয়েছিল। ওপরে পলিথিন দিয়ে ঢাকা ছিল। সেই পলিথিনে আগুন লাগে। তবে ঘটনাটি নাশকতা কি না, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। সম্ভবত বিল্ডিংয়ের ওপর থেকে কেউ বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ ট্রাকের ওপর ফেলেছিল। তাতে পলিথিনে আগুন ধরে যায়।’


