প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের পটিয়ায় এক সোনা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মোটরসাইকেল, মুঠোফোন, মানিব্যাগ—সবই অক্ষত অবস্থায় পাওয়া গেছে। হত্যাকারীরা কিছুই নিয়ে যায়নি।
নিহত ব্যক্তির নাম বিমান ধর (৪০)। তিনি উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের বাইন্যা পাড়ার দুলাল কান্তি ধরের ছেলে। বিমান ধর ও তাঁর এক ভাইয়ের চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকায় একটি সোনার দোকান রয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে বিমান ধর চট্টগ্রাম শহরের দোকান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পুলিশ ধারণা করছে, ফেরার পথে দুবৃর্ত্তরা তাঁকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, গতকাল রাতে লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় স্থানীয় লোকজন বিমান ধরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।


