প্রাইম ভিশন ডেস্ক »
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের ফলে আগামী তিন দিনে সারা দেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে ।
আজ সোমবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি জানান, গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছিল। এছাড়া অন্যান্য বিভাগে খুব সামান্য বৃষ্টি হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে চলতি সপ্তাহে শেষে দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের অনেক জায়গায় (৫১ থেকে ৭৫ শতাংশ স্থান) এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় (২৬ থেকে ৫০ শতাংশ স্থান) অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন মো. ওমর ফারুক।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ ও সোমবার সর্বনিম্ন তাপমাত্রা দুটিই ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সবচেয়ে বেশি ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


