প্রাইম ভিশন ডেস্ক »
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার ছিলেন। অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। ওই মামলার ভিত্তিতে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন দেব্রত সরকার পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় তিনিও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।


