প্রাইম ভিশন ডেস্ক »
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’র (ইউআইটিএস) চতুর্থ সমাবর্তন হয়েছে। পাঁচ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীকে ডিগ্রি দিয়েছে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়। ১৬ জন শিক্ষার্থী পেয়েছেন চ্যান্সেলর স্বর্ণপদক।
আজ শনিবার ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে এ অনুষ্ঠান হয়েছে। সমাবর্তন বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
সমাবর্তন বক্তা বললেন, ‘এ দিনটি মাত্র সমাবর্তনের দিন নয়। এটি জীবনের একটি সূচনা। ইউআইটিএস পরিবারের জন্য গর্বের ও আনন্দের। কনভোকেশন মানে একটি বিশ্ববিদ্যালয়ে কেবল আনুষ্ঠানিক সমাবর্তন নয়। এটি জ্ঞানসাধনা এবং ভবিষ্যৎ জগতের অঙ্গীকারে একটি মহিমান্বিত ঘোষণা। আজ সবার হাতে যে ডিগ্রি তুলে দেওয়া হল, তা নিছক মাত্র একটি সার্টিফিকেট নয়। যার সঙ্গে যুক্ত আছে আপনাদের জীবনের বহু বছরের শ্রম সাধনা।’
রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. মাহবুবুল হক পাটোয়ারির সভাপতিত্বে সমাবর্তনে ইউআইটিসের বোর্ড অফ ট্রাস্টিজের উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক, উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু হাসান ভূঁইয়া, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, পরিচালক আনোয়ারুল হক, মোহাম্মদ আলী হোসেন সোহাগ, আমির হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু ও আক্তার পারভেজ হিরো বক্তব্য রাখেন।


