Homeএই মুহুর্তেতাহসিফ হত্যা মামলায় পুলিশ হেফাজতে সেই তরুণী

তাহসিফ হত্যা মামলায় পুলিশ হেফাজতে সেই তরুণী

প্রাইম ভিশন ডেস্ক »

বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় এক তরুণীকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ। পুলিশ বলছে, ওই তরুণী তাহসিফের বান্ধবী। ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে তাঁরা দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন। সেখানে বন্ধু দীপও ছিলেন।

টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার রাতে ওই তরুণীকে হেফাজতে নেওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সার্বক্ষণিক সঙ্গী বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তাঁর বক্তব্যে অসংগতি পাওয়া যায় বলে দাবি সূত্রের। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই। এরপর দীপকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

নৌ পুলিশের সূত্র জানায়, রিমান্ডে দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও তদন্তে পাওয়া আলামত মিলিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

পরিবারের ভাষ্য মতে, গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন। ওই দিন রাতে মাকে মোবাইল ফোনে বার্তা (ভয়েস মেসেজ) পাঠিয়ে জানিয়েছিলেন, বাসায় ফিরছেন; কিন্তু আর ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

পরদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়