Homeএই মুহুর্তেমৌজা দর ও বাজারদরে কী পরিবর্তন এনেছে সরকার?

মৌজা দর ও বাজারদরে কী পরিবর্তন এনেছে সরকার?

প্রাইম ভিশন ডেস্ক »

জমি ও স্থাবর সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে প্রচলিত মৌজাভিত্তিক ন্যূনতম মূল্য নির্ধারণের পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে শুধু মৌজা দর বিবেচনা করে নয়, বরং জমির প্রকৃত বাজারমূল্য যাচাই করে মূল্য নির্ধারণ করা হবে। এ জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তিন স্তরের কমিটি গঠনের বিধান করা হয়েছে।

কী কী পরিবর্তন এসেছে?

১. ন্যূনতম মৌজা দরের পরিবর্তে প্রকৃত বাজারমূল্য: আগের ব্যবস্থায় জমি নিবন্ধনের জন্য সরকার নির্ধারিত ন্যূনতম মৌজা মূল্য অনুসরণ করা হতো। নতুন নিয়মে জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে বিধিমালার নাম থেকেও ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

২. তিন স্তরের কমিটি: জমির বাজারমূল্য নির্ধারণে তিন ধরনের কমিটি কাজ করবে।

– বিভাগীয় কমিটি: সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে। সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার।

– জেলা কমিটি: পৌরসভা ও ক্যান্টনমেন্ট এলাকার জমির মূল্য নির্ধারণ করবে। সভাপতি থাকবেন জেলা প্রশাসক।

– উপজেলা কমিটি: এসব এলাকার বাইরে অন্যান্য জমির মূল্য নির্ধারণ করবে। সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

৩. একই মৌজায় একাধিক মূল্য: নতুন নিয়মে একই মৌজার সব জমির মূল্য এক হতে হবে না। জমির অবস্থান ও বৈশিষ্ট্য অনুযায়ী একাধিক ক্লাস্টার বা গুচ্ছ তৈরি করে আলাদা মূল্য নির্ধারণ করা যাবে। ফলে প্রধান সড়কের পাশের জমি, ভেতরের রাস্তার জমি কিংবা নিচু এলাকার জমির মূল্য আলাদা হতে পারে।

৪. মূল্য নির্ধারণে নতুন বিষয় যুক্ত: জমির শ্রেণি, অবস্থান, ব্যবহার, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, স্থানীয় বাজারদর, গণশুনানিতে পাওয়া তথ্য, আগের নিবন্ধিত দলিল এবং সাম্প্রতিক জমি কেনাবেচার তথ্য বিবেচনা করা হবে। কোনো একটি বিষয়কে একক ভিত্তি ধরে মূল্য নির্ধারণ করা যাবে না।

৫. মূল্যতালিকার মেয়াদ তিন বছর: আগে জমির নির্ধারিত মূল্যতালিকা দুই বছর কার্যকর থাকত। নতুন নিয়মে তা বাড়িয়ে তিন বছর করা হয়েছে।

কবে থেকে কার্যকর হবে?

নতুন নিয়মে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য জমির বাজারমূল্যের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, নতুন তালিকা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। সংশ্লিষ্ট কমিটিগুলোকে ১৫ ডিসেম্বরের মধ্যে মূল্যতালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাতে বলা হয়েছে।

জমি রেজিস্ট্রির খরচ কি বাড়বে?

নতুন নিয়মে সবার জমি নিবন্ধনের খরচ বাড়বে, এমন নয়। কোনো এলাকায় নতুন নির্ধারিত বাজারমূল্য আগের মৌজা দরের চেয়ে বেশি হলে নিবন্ধন ব্যয় বাড়তে পারে। আবার কোথাও প্রকৃত বাজারমূল্য তুলনামূলক কম হলে ব্যয় কমার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ, পরিবর্তনটি নির্ভর করবে সংশ্লিষ্ট এলাকার নতুন মূল্যতালিকার ওপর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়