প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের খোঁজে ফটিকছড়ির সুয়াবিল এলাকায় অভিযান চালিয়েছ পুলিশ। রায়হান আশপাশের কোথাও লুকিয়ে আছেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে খুঁজে বের করতে স্থানীয়দেরও সহযোগিতা চেয়েছে পুলিশ।
এ জন্য সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিলের চুরখাহাট বাজারে দাঁড়িয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ।
ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘রায়হান আশপাশে কোথাও লুকিয়ে আছে। আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, আশপাশে খোঁজাখুঁজি করেন। ওকে পাইলে চট্টগ্রাম পুরা শান্ত হয়ে যাবে।’
এ সময় স্থানীয়দের আশপাশের ঘরবাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার অনুরোধ জানান তিনি। রায়হানের শারীরিক গড়ন বর্ণনা করে তাকে শনাক্ত করার আহ্বানও জানান এ কর্মকর্তা। তাকে বলতে শোনা যায়, রায়হান কালো, মোটা ও বেঁটে গড়নের।
স্থানীয়রা সবাই মিলে খোঁজাখুঁজি করলে তাকে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বারবার রায়হানকে খুঁজে বের করার জন্য মাইকে ঘোষণা দেওয়ার অনুরোধ জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এর আগে রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুরখারহাট বাজারে আসেন। তাদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছেই অটোরিকশায় বসে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে বাজারে থাকা ছয়জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় অটোরিকশাচালককে আটক করে স্থানীয়রা। সেই ঘটনায় এসে পুলিশ সুপার রায়হানকে খুঁজতে মাইকে ঘোষণা দেওয়ার আহ্বান জানান।
আহত ব্যক্তিরা হলেন- জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আটক অটোরিকশাচালকের নাম মো. জাবেদ হোসেন (৩৫)। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।


