প্রাইম ভিশন ডেস্ক »
‘আমার ছেলে খেলছিল। হঠাৎ চিৎকার করে উঠলে একটি সাপ চলে যেতে দেখি। পরে তার ডান হাতের বগলের নিচে সাপের কামড়ের দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। অ্যান্টিভেনম দিয়েও আমার ছেলেকে বাঁচানো গেল না। সাপের কামড়ে আমার কলিজার টুকরা ছেলেকে হারালাম।’ —কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ওয়াফিকা আলিফ। মাত্র ২১ মাস বয়সী একমাত্র সন্তান আবদুল্লাহকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তিনি।
গতকাল রবিবার রাতে চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির মাটির গুদামঘরে খেলতে গিয়ে সাপের কামড়ের শিকার হয় আবদুল্লাহ। পরে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই বাড়ির প্রবাসী ওসমান আলীর ছেলে। তিন বছর আগে ওসমান আলীর সঙ্গে ওয়াফিকা আলিফের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান ছিল আবদুল্লাহ।
পরিবারের সদস্যরা জানান, রবিবার রাত ৮টার পর বাড়ির মাটির গুদামঘরে খেলছিল আবদুল্লাহ। হঠাৎ তার কান্না শুনে প্রথমে ব্যাঙের কামড় বলে ধারণা করেন তারা। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের দুটি দাগ দেখতে পান। এরপর দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শিশুটির মা ওয়াফিকা আলিফ জানান, হাসপাতালের দেয়ালে টাঙানো সাপের ছবি দেখে তিনি সাপটিকে পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করেন। চিকিৎসকেরা অ্যান্টিভেনম দিলেও ছেলেকে বাঁচানো যায়নি।
শিশুটির চাচা তাহসিন জানান, রাত পৌনে ১০টার দিকে আবদুল্লাহকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অ্যান্টিভেনম দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১০টার দিকে সেখানে আবদুল্লাহর মৃত্যু হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমিতা দাশ জানিয়েছেন, সাপের কামড় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে শিশুটির মৃত্যুর খবর তারা পান।


