প্রাইম ভিশন ডেস্ক »
নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশ (২৪) নামের এক বুয়েটছাত্র লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ফারদিন।
ফারদিন নূর পরশ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বুয়েট ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদক ছিলেন। তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন ফারদিন। তিনি পরিবারের সঙ্গে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় থাকতেন।
ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বলেন, ‘গত শুক্রবার রাত সাড়ে ১১টার পর থেকে ফারদিনের মোবাইল ফোন বন্ধ ছিল। তার সর্বশেষ অবস্থান ছিল রামপুরা থানা এলাকায়। কোথাও তার খোঁজ না পেয়ে ওই থানায় শনিবার একটি সাধারণ ডায়েরিও করা হয়। আজ সন্ধ্যায় নৌ পুলিশের ফোন পেয়ে নারায়ণগঞ্জে গিয়ে ফারদিনের লাশ শনাক্ত করি।’
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


