Homeএই মুহুর্তেমধ্যরাতে হাতমুখ বেঁধে রোহিঙ্গা নাগরিককে গুলি করে হত্যা

মধ্যরাতে হাতমুখ বেঁধে রোহিঙ্গা নাগরিককে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তরা এক রোহিঙ্গা নাগরিককে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে এ ঘটনা ঘটে।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৩৫ বছর বয়সি কবির আহমদ উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লকের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। গুলিবিদ্ধ হয়েছেন কবিরের বন্ধু উখিয়ার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ রফিক।

তবে কারা, কেন তাদের গুলি করেছেন তাৎক্ষণিক তা নিশ্চিত হতে পারেনি এপিবিএন পুলিশ।

তবে এডিআইজি ছৈয়দ হারুনুর রশীদ বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।’

স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে অজ্ঞাতনামা ১০-১২ জন দুর্বৃত্ত আগে কবির আহমদকে হাত পিছমোড়া করে মুখ বেঁধে কয়েকটি গুলি করে। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু মোহাম্মদ রফিকও গুলিবিদ্ধ হন।

এডিআইজি বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।’

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছৈয়দ হারুনুর রশীদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়