প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৪৪ জন।
রোবাবার (২০ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন। এর আগে শনিবারও এক শিশুসহ ২ জনের মৃত্যু হয় বলে জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।ডেঙ্গুতে মারা যাওয়া তিন নারী হলেন, নাছরিন আক্তার (৩৭), রুমানা আক্তার (২৪) এবং রাজ লক্ষ্মী শর্মা (৫৯)।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ৩৭ বছর বয়সী নাছরিন আক্তার ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ১৯ আগস্ট নগরের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ওই দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গুতে মারা যাওয়া আরেক রোগী ২৪ বছর বয়সী রুমানা আক্তার গত ১৭ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। ১৯ আগস্ট তিনিও মারা যান। তাদের দুইজনেরই নন স্ট্রাকচারাল প্রোটিন-১ (এনএস১) পজেটিভ শনাক্ত হয়েছিল। তাছাড়া, ৫৯ বছর বয়সী রাজ লক্ষ্মী শর্মা গত ১৮ আগস্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তিনি মারা যান। তিন জনই ডেঙ্গু শক সিনড্রোমে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
এ বছর চলতি আগস্ট মাস পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এ ছাড়া মাসের হিসেবেও গত বছরের একই সময়েও চেয়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেশি এ বছর।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩২ জন এবং বেসরকারি হাসপাতালে ৭১ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬১১ জন।


