প্রাইম ভিশন ডেস্ক »
আসন্ন জি-২০ সম্মেলনে ‘গঠনমূলক ভূমিকা’ রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র।
সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং অংশগ্রহণ করছেন না, বেইজিংয়ের এমন ঘোষণার পরই এই আহ্বান জানানো হলো।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, সম্মেলন ঘিরে চীন নোংরা খেলা খেলবে কি না এটা তাদের ওপরই নির্ভর করছে।
রাজধানী দিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ভারত।
শির অনুপস্থিতির পেছনে কী কারণ রয়েছে তা নিয়ে ভারত বা চীন কেউই মুখ খুলছে না। তবে বেইজিং বলছে, সম্মেলনে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী লি কিয়াং।
ভারত-চীনের মধ্যে এখন হিমশীতল সম্পর্ক বিরাজ করছে। ২০২০ সালে দুই দেশের সৈন্যরা লাদাখের গালওয়ান উপত্যকায় একটি মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন থেকেই তাদের সম্পর্কের অবনতি হতে থাকে।
প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা মূলত বিতর্কিত ৩ হাজার ৪৪০ কিলোমিটার সীমান্ত এলাকা ঘিরে। এই বিরোধপূর্ণ অংশে বিভিন্ন সময় মুখোমুখি হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
ভারত ও চীনের মধ্যে উত্তেজনা শীর্ষ সম্মেলনকে ছাপিয়ে যাবে কি না সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের এমন প্রশ্নে জ্যাক সুলিভান বলেন, এটা তো চীনের ওপর নির্ভর করছে তারা কী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, জলবায়ু, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক সংস্কার, প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে উৎসাহিত করা হচ্ছে চীনকে। তাদের উচিত হবে ভূ-রাজনৈতিক প্রশ্নগুলো পাশে রেখে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সমাধানে নজর রাখা।
বৈশ্বিক অর্থনীতি নিয়ে আলোচনা করতে মিলত হয়ে থাকে জি-২০ বা গ্রুপ অভ টুয়েন্টি ক্লাবের সদস্যরা। বিশ্ব জনসংখ্যার দুই-তৃতীয়াংশ এই দেশগুলো ধারণ করে। সূত্র : বিবিসি


