প্রাইম ভিশন ডেস্ক »
যতই ডায়েট আর স্বাস্থ্যের কথা বলা হোক, সামনে পছন্দের খাবার পেলে নিজেকে আটকে রাখা কষ্টকর। ভোজনরসিকরা বুঝতে পারেন না কতটা খাওয়া তাদের জন্য ঠিক। লাগামহীন খাবার খাওয়ার ফলে বেহাল দশা হয় পেটের।
সামনে আসছে শীতকাল। উৎসব, বিয়ে, বেড়ানো, পিকনিক লেগেই থাকবে। আর তাই খাওয়াও হবে জম্পেশ। ফলে দেখা দিতে পারে পেটে গণ্ডগোল। ফুড পয়জনিং, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ কিংবা ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়াতেও এমনটা হতে পারে।
পেটের এমন সমস্যাগুলো রোধ করতে কিছু ঘরোয়া খাবারের ওপর ভরসা রাখতে পারেন। চলুন জেনে নিই বিস্তারিত-
চিড়া ভেজানো পানি
একটি পাত্রে এক মুঠো চিড়া ভিজিয়ে রাখুন। সামান্য লবণ আর চিনি দিয়ে সেই পানি খেয়ে নিন। দু’-তিন বার খাওয়ার পরেই বেগ কমে আসবে। এই সমস্যা সমাধানে অনেকে আবার ভাতের ফ্যানও খেয়ে থাকেন।
কলা
কাঁচা হোক কিংবা পাকা, পেট খারাপের সমস্যা থাকলে নিশ্চিন্তে কলা খেতে পারেন। কাঁচা কলা দিয়ে রান্না করা পাতলা ঝোল বা তরকারি খেতে পারেন। আবার পাকা কলাও খেতে পারেন। এতে পটাশিয়ামের পরিমাণ বেশি। তাই শরীর থেকে অনেকটা পানি বেরিয়ে গেলেও ডিহাইড্রেশনের ভয় নেই।
টক দই
পেটে ব্যাকটেরিয়াঘটিত কোনো সংক্রমণ হলে, তার সঙ্গে লড়তে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতে হবে। এজন্য খেতে পারেন টক দই। লাচ্ছি বানিয়ে কিংবা এমনি যেভাবে ইচ্ছে খেতে পারেন। পেটের জন্য এ খাবারটি বেশ উপকারি।


