প্রাইম ভিশন ডেস্ক »
কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান মানেই বিতর্ক। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা। সেই নুসরাত এবার বার্তা দিলেন শান্তির, সুখের ও সম্মানের।
আগেই জানিয়েছিলেন পুজো কাটাবেন কলকাতায়। পুজোর দিনে নিয়ম করে নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। এরপর বিজয়া দশমীর দিন অনুরাগীদের শুভেচ্ছা জানাতে বিশেষ বার্তা দিলেন নুসরাত।
দশমীর দিন কলকাতার চেতলা অগ্রণীর পুজোমণ্ডপে হাজির হয়েছিলেন যশ ও নুসরাত। সিঁদুর ও হালকা রঙের শাড়ি পরে মণ্ডপে মণ্ডপে যশের সঙ্গে ঘুরতে দেখা যায় তাকে। যার ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী। এরপর সবাইকে শুভেচ্ছা বার্তা দিয়ে ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘সুখের স্মৃতি রেখ মনে। মিশে থেকো আপনজনে। মান-অভিমান সকল ভুলে আশার প্রদীপ রেখ জ্বেলে। মা আসবে এই আশা রেখে সবাই মিলে থেকো সুখে।’ তার এ ছবি মুহূর্তেই ভক্তদের মাঝে ছড়িয়ে গেলে সবাই তাকে জানাতে থাকেন শুভেচ্ছা ও ভালোবাসা।
অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন নুসরাত। নিয়মিত এখন আর সেভাবে তাকে সামাজিক মাধ্যমেও দেখা যায় না। কলকাতায়ও থাকা হয় না তার। পরিবার নিয়ে এখন মুম্বাইতে থাকেন। দুর্গাপূজা উপলক্ষে এসেছিলেন কলকাতায়। পূজামণ্ডপে ঘোরার সময় কলকাতার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন তিনি। এ সময় সিনেমায় নিয়মিত হওয়ার বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী, ‘আপাতত সিনেমা থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছি। এর কারণ আমার পরিবার। আমাদের একমাত্র পুত্রসন্তান ঈশানকে সময় দেওয়ার জন্যই আমার এমন সিদ্ধান্ত। তবে অভিনয় হচ্ছে আমার আসল পরিচয়; এখানে আমাকে ফিরতেই হবে। তার জন্য একটু সময় নিচ্ছি। ছেলে বড় হলেই আবার আমাকে সবাই পর্দায় নিয়মিত দেখতে পাবেন আশা করি।’
বড়পর্দায় নুসরাতকে সবশেষ দেখা গেছে ২০২১ সালে। সে বছর তার দুটি সিনেমা মুক্তি পায়। আবির চ্যাটার্জি ও মোশাররফ করিমের সঙ্গে ‘ডিকশনারি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। তার চরিত্রের নাম স্মিতা। সিনেমাটি পরিচালনা করেন ব্রাত্য বসু। দ্বিতীয় সিনেমাটির নাম ‘স্বস্তিক সংকেত’। সায়ন্তন ঘোষালের পরিচালনায় সিনেমাটিতে নুসরাত ছাড়া আরও অভিনয় করেন শাশ্বত চ্যাটার্জি ও গৌরব চক্রবর্তী।


