প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছে। আজ শুক্রবার (৩ নভেম্বর) সাড়ে ছয়টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাইজিদ লিংক রোডের বেঙ্গল ব্রিক ফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার চান্দুলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মনির (৫০) ও বগুড়া জেলার শাহজাহানপুর থানা গুইর শাহরুল গ্রামের দিলদারের পুত্র জিয়াউর (৪০)। গুরুতর আহত সিএনজি চালক শহিদুল ইসলাম (৩২)। তিনি সীতাকুন্ড উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের আবুল কাশেমের পুত্র।
স্থানীয়া জানান, দু’জন যাত্রী নিয়ে বায়েজিদের দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। এ সময় বায়েজিদ হতে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান সিএনজি অটোরিকশা চাপা দিলে সিএনজিতে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে সেখান থেকে বিষয়টি সীতাকুন্ড থানায় অবগত করা হয়। এরপর ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেন। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


