প্রাইম ভিশন ডেস্ক »
সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বান্দরবানে সকাল থেকে বন্ধ ছিল দূরপাল্লার বাস চলাচল। এ ছাড়া রাতেও দূরপাল্লার বাস ছাড়বে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে পরিবহন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বান্দরবান-কেরানীহাট সড়কের পুবালী বাস সার্ভিসের সুপারভাইজার মো. আমিন বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বেলা সাড়ে ১১টা থেকে এই সড়কে বান্দরবান-কেরানীহাট সড়কে বাস চলাচল করছে।’
হানিফ পরিবহনের বান্দরবান কাউন্টারের দায়িত্বে থাকা মো. আবদুল্লাহ বলেন, ‘অবরোধের কারণে সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। রাতে কোনো বাস স্টেশন থেকে ছেড়ে যাবে না।’
বান্দরবান-ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বলেন, ‘অবরোধের কারণে সকাল থেকে বান্দরবান-চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি এবং রাতেও কোনো বাস ছাড়বে না।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলায় এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’


