Homeএই মুহুর্তেনির্বাচনে যাচ্ছে কল্যাণ পার্টির নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট

নির্বাচনে যাচ্ছে কল্যাণ পার্টির নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট

প্রাইম ভিশন ডেস্ক »

সরকার পতনের এক দফার আন্দোলনে বিএনপির সহযোগী কয়েকটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের বাংলাদেশ কল্যাণ পার্টিসহ ‘১২ দলীয় জোট’-এর কয়েকটি দল রয়েছে বলে জানা গেছে। এসব দল বিএনপির যুগপৎ আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল।

বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে  জানিয়েছেন, বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট ‘যুক্তফ্রন্ট’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এতে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বক্তব্য রাখবেন।

যুক্তফ্রন্টের সমন্বয়কের দায়িত্বে থাকা আব্দুল্লাহ আল হাসান সাকিব জানান, যুক্তফ্রন্টের সঙ্গে যুক্ত রয়েছে ১৫-১৬টির মতো দল। এর মধ্যে রয়েছে মুসলিম লীগ, জাতীয় পার্টি (কাজী জাফর), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি প্রভৃতি।

যুক্তফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়া দলগুলো সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সহযোগী জোট হিসেবে আন্দোলনে সক্রিয় ছিল। বিএনপির সমমনা দল ও জোটগুলো বর্তমানে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে। আজ বুধবার থেকে তাদের আন্দোলনে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। অপর দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

নির্বাচনকালীন সরকার কী হবেÑ তা নিয়ে রাজনৈতিক সমঝোতা এখনও হয়নি। বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো সরকারের পদত্যাগের দাবিতে হরতাল, অবরোধ কর্মসূচি পালন করছে। এমন পরিস্থিতির মধ্যেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। সেই থেকে গত এক সপ্তাহে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা নির্বাচনে যাবে না বলে আসছিল। অবশেষে যুক্তফ্রন্ট জোট নির্বাচনে যাওয়ার কথা জানাল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়