প্রাইম ভিশন ডেস্ক »
বেনাপোল এক্সপ্রেসসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ২২টি ট্রেনের যাত্রা দুই দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। নির্বাচনের আগের দিন আজ ৬ জানুয়ারি এবং নির্বাচনের দিন ৭ জানুয়ারি এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১টার দিকে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপকের ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ৬-৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫/৬) এবং বগুড়া কমিউটার (৫/৬) ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।
এ ছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ জানুয়ারি (আংশিক) ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।
রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপকের ফেসবুক পোস্টে ট্রেন চলাচল বন্ধ রাখার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রেনের চারটি বগিতে দুর্বৃত্তের দেওয়া আগুনে চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সূত্র।
এর আগে ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজন নিহত হয়।


