প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২ মার্চ) বেলা ১১টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হলো এ বছরের ভর্তি কার্যক্রম। এবারের ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম শহর, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হলো।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫ টি এবং আবেদন করেছে ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী।
এবার প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২ টার সময় শেষ হবে। এর আগে সকাল ১০ টা ১৫ এর মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ১০টায় ওএমআর শিট দেওয়া হবে এবং প্রশ্নপত্র বিতরণ করা হবে ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টায়।
আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছুর সংখ্যা ৮২ জন।
‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬৫ হাজার ২৬৭টি। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন ৫৪ জন। ‘সি’ ইউনিটে ৬৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৭ হাজার ৩০০ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে ভর্তির জন্য লড়বেন ২৭ জন। ‘ডি’ ইউনিটে ৯৫৮টি আসনের বিপরীতে ৫৭ হাজার ৮০৪ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৬০ জন লড়বেন।
দুটি উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৬৬৯টি। এই উপ-ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়ছেন ১৩ জন। আর ‘ডি-১’ উপ-ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ১ হাজার ৯৯৪ জন প্রার্থী আবেদন করেছেন। অর্থাৎ এই উপ-ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ৬৭ জন শিক্ষার্থী।
শাটল ট্রেনের নতুন শিডিউল: ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের নতুন শিডিউল দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে ক্যাম্পাস:সকাল ৬টা, সাড়ে ৬টা, সাড়ে ৭টা, ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, ১১টা ৪০ মিনিট, ১২টা, দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা, ৪টা এবং সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসে যাবে।
ক্যাম্পাস থেকে বটতলী স্টেশন: সকাল ৭টা ০৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৮টা ৪০ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, দুপুর ১টা, ১টা ৩০ মিনিট, বিকেল ৩টা, ৫টা, সাড়ে ৫টা এবং রাত ৯টা ১০ মিনিটে সর্বশেষ ট্রেন শহরের উদ্দেশে ছেড়ে যাবে।
যেসব স্টেশনে ট্রেন থামবে: ঝাউতলা স্টেশন, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট এবং ফতেয়াবাদ স্টেশনে ট্রেন কিছুক্ষণের জন্য থামবে।
পরীক্ষার সূচি: আগামী ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ। ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য আবেদন করেছেন দুই লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৯ শিক্ষার্থী।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।


