প্রাইম ভিশন ডেস্ক »
যানজট বা জলাবদ্ধতা বা প্রকৃতিক দুর্যোগের কারণে কোনো কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হতে দেরি হলে অতিরিক্ত সময় দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
রবিবার এইচএসসি পরীক্ষা শুরুর পর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘যানজট বা জলাবদ্ধতার জন্য কোনো কেন্দ্রে যদি পরীক্ষা শুরু করতে দেরি হয়; আধাঘণ্টা দেরি হলে, পরীক্ষা শেষে আধা ঘণ্টা অতিরিক্ত সময় পাবে পরীক্ষার্থীরা। কোথাও পরীক্ষা সাড়ে ১০টায় শুরু হলে, শেষ হবে দেড়টায়।
১১টায় শুরু করলে শেষ হবে ২টায়। যানজট-জলজট বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা শুরু করতে দেরি হলে শেষে ওই সময় বাড়িয়ে দেওয়া হবে।’ এ সময় তিনি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশের আহ্বান জানান।
তপন কুমার বলেন, ইতোপূর্বে আমাদের নীতিমালায় ছিল পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
এতে আমরা কিছুটা শিথিলতা এনেছি। আমরা বলেছি পরীক্ষার্থী যখনই আসবে তখনই তাকে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। সে যদি ৯টায় আসে বা সাড়ে ৮টায় আসে, তাকে তখনই প্রবেশ করতে দেওয়া হবে। এটা আমরা নোটিশ আকারে জারি করেছি।
’পরীক্ষার্থীদের বৃষ্টির মধ্যে যেন বাইরে দাঁড় করিয়ে রাখা না হয়, সেই নির্দেশনা কেন্দ্র সচিবদের দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


