প্রাইম ভিশন ডেস্ক »
এবার হিউম্যানয়েড রোবটের বাজারে পা রাখছে স্যামসাং ইলেকট্রনিকস। আগামী জানুয়ারিতে রোবটটি জনসমক্ষে উন্মোচনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক ব্যক্তির বরাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হিউম্যানয়েড রোবটের প্রাথমিক সংস্করণ বা প্রোটোটাইপ পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করেছে স্যামসাং।
ওই ব্যক্তি জানান, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) রোবটটি প্রদর্শন করতে চায় মেমোরি চিপ ও স্মার্টফোন নির্মাতা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং। এর মধ্য দিয়ে ক্রমেই প্রতিযোগিতাপূর্ণ হয়ে ওঠা হিউম্যানয়েড রোবটের বাজারে প্রবেশ করতে চায় প্রতিষ্ঠানটি। এ বাজারে চীনের ইউনিট্রি, টেসলা এবং হুন্দাই মোটরসের মালিকানাধীন বোস্টন ডায়নামিকসের মতো প্রতিষ্ঠানও রয়েছে।
গত জুলাইয়ে হিউম্যানয়েড রোবট তৈরি পরিকল্পনায় ‘রোবোটিকস এক্সপেরিয়েন্স’ (আরএক্স) ইউনিট গঠন করে স্যামসাং। ইউনিটটি সরাসরি প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) টিএম রোর অধীনে পরিচালিত হয়। রোবট প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়ন, দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ এবং বাণিজ্যিকভাবে বাজারে আনার দায়িত্ব এ ইউনিটের।
গত বৃহস্পতিবার সিউলে স্যামসাংয়ের রোবট গবেষণাকেন্দ্রে রোবটটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন টিএম রো। প্রদর্শনীতে রোবটটির পুরো শরীরের নিয়ন্ত্রণব্যবস্থা এবং হাত ও আঙুল ব্যবহার করে বিভিন্ন বস্তু তোলা ও নাড়াচাড়া করার সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আগামী বছর হিউম্যানয়েড রোবট তৈরি করবে টেসলা
প্রোটোটাইপটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি স্যামসাং। এ কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি তথ্য দিয়েছেন। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে স্যামসাং।
সংশ্লিষ্ট ব্যক্তির ভাষ্য, হিউম্যানয়েড রোবটের ক্ষেত্রে হাতের সূক্ষ্ম নড়াচড়া ও বস্তুর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্যামসাং। কারখানায় কাজ করার জন্য এ ধরনের রোবটকে নির্ভরযোগ্যভাবে বিভিন্ন বস্তু ধরতে, ঘোরাতে ও এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে সক্ষম হতে হয়। এটি এখনো রোবট প্রযুক্তির বড় চ্যালেঞ্জগুলোর একটি।
গত সেপ্টেম্বরে স্যামসাংয়ের রোবোটিকস এক্সপেরিয়েন্স ইউনিটের রোবোটিকস ল্যাবের প্রধান ক্রিস হাউজার বলেন, ‘আপনি যদি কোনো কারখানার মালিককে বলেন, আপনার রোবট ৯৯ শতাংশ সফলতার সঙ্গে কাজ করতে পারে, তবু তিনি হাসবেন। কারণ, তাঁর কারখানার উৎপাদন লাইনে রোবটটি ব্যবহারের জন্য সফলতার হার ৯৯ দশমিক ৯৯ শতাংশ হতে হবে।’


