প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার দুই দিন পর আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কূপের গ্যাস নিয়ে জরিপের কাজ চলাকালে এ বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাত কর্মী আহত হন।
বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি গ্যাসকূপের আগুন নেভানোর পর সেখানে জরিপের কাজ চলছিল। তখন হঠাৎ করে বিস্ফোরণ ঘটে এবং কূপ থেকে আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।
এসময় বিস্ফোরণে বাপেক্সের উপমহাব্যবস্থাপক রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি তিনজন চিকিৎসাধীন।
এর আগে টানা এক মাস ধরে জ্বলতে থাকা ইনানীর গ্যাসকূপের আগুন গত ২৭ নভেম্বর নিয়ন্ত্রণে আনা হয়। এরপর কূপের পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য জরিপের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চালানোর সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সেই গ্যাসে আগুন ধরে যায়। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার পর নতুন করে বিস্ফোরণের ঘটনায় কূপটির নিরাপত্তা নিয়ে আবারো উদ্বেগ দেখা দিয়েছে।


