দেড় যুগেও গড়ে উঠেনি বসতি
প্রাইম ভিশন ডেস্ক »
বরাদ্দের ১৭ বছর পরও জনবসতি গড়ে ওঠেনি নগরীর অনন্যা আবাসিক এলাকায়। ২০০৮ সালে অক্সিজেন এলাকার অনন্যায় আবাসিক, কমার্শিয়াল, শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৭৩৩টি প্লট বরাদ্দ দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একটি মাত্র বেসরকারি হাসপাতাল ছাড়া সেখানে কোনো স্থাপনা নেই।
আবাসিকে কোন স্থাপনা নির্মাণ না হওয়ায় সিডিএকে দায়ী করছেন প্লট মালিকরা।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ভবন বা স্থাপনা নির্মাণের জন্যই অনন্যা আবাসিকে প্লট বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত প্লট মালিকরা ভবন নির্মাণ না করা দুঃখজনক। সম্প্রতি অনন্যা আবাসিকের প্লট মালিকরা আমার সাথে দেখা করে তাদের কিছু দাবি জানিয়েছেন। আমি তাদের নিয়ে আবার বসবো।
গত বছরের ১৮ ডিসেম্বর অনন্যা আবাসিকের প্লট মালিকদের সংগঠন ‘অনন্যা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটি’র নেতৃবৃন্দ সিডিএ’র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা আবাসিকে পুলিশ ফাঁড়ি ও আনসার ক্যাম্প স্থাপন এবং অভ্যন্তরীণ সড়কগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্তান্তরসহ ১৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিডিএ চেয়ারম্যানের হাতে তুলে দেন।
একাধিক প্লট মালিকের অভিযোগ, বসবাসের উপযোগী পরিবেশ গড়ে না উঠায় তাদের ওখানে যেতে অনীহা। আবাসিকের রাস্তাগুলো কার্পেটিং করা হয়নি। কাছাকাছি কোনো বাজার নেই, বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। আবার বাড়ি নির্মাণের জন্য অনেকের মূলধন নেই, ব্যাংক থেকে বা ব্যক্তি পর্যায়ে ঋণ নিয়ে বিনিয়োগ করলেও তা পুনরুদ্ধারে অনিশ্চয়তা রয়েছে। রাত হলে বসে মাদকসেবী এবং জুয়াড়িদের আড্ডা।


