প্রাইম ভিশন ডেস্ক »
পর্দায় অনেকবার বউ সেজেছেন মেহজাবীন চৌধুরী, এবং বউয়ের চরিত্রে অভিনয় করেছেন। অনেক দিন ধরে তার ভক্তদের মনে ছিল প্রশ্ন, কবে বিয়ে করবেন মেহজাবীন? আজ তার সত্যিকারের বিয়ে।
গত ২৩ ফেব্রুয়ারি ছিল মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠান। ঢাকার কাছে একটি অবকাশযাপন কেন্দ্রে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ছিল মেহেদি উৎসব। আজ সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে তার বিয়ের আনুষ্ঠানিকতা।
মেহজাবীন বিয়ে করেছেন বিজ্ঞাপন নির্মাতা, নাট্য পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবকে। তারা অনেকদিন ধরে একসাথে কাজ করছেন। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়। ইংরেজি ভাষায় লেখা আমন্ত্রণপত্রে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলেন মেহজাবীনের বাবা-মা মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরী, এবং রাজীবের বাবা-মা বাসেদুল আলম ও সাবেকুন নাহার।
সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে ঢাকার অবকাশযাপন কেন্দ্রে সাজসজ্জার কাজ চলছিল। সেখানে গিয়ে উপস্থিত হন বর-কনের বন্ধু এবং স্বজনরা। বিনোদন অঙ্গনের বেশ কিছু পরিচিত মুখও সেখানে উপস্থিত ছিলেন।যেমন ওটিটি চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, চলচ্চিত্র পরিচালক আশফাক নিপুণ, রায়হান রাফী, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, অভিনেতা-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সাদিয়া আয়মান, তমা মির্জা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, কণ্ঠশিল্পী এলিটা করিম, জেফার রহমান প্রমুখ।
হলুদ অনুষ্ঠানে অতিথিদের ছবি না তোলার জন্য বিনীত অনুরোধ জানানো হয়। অনেকেই তাদের ফোন গাড়িতে রেখে অনুষ্ঠানে প্রবেশ করেন। এবং যারা ফোন নিয়ে গিয়েছিলেন, তাদের উদ্দেশে বারবার মাইকে ছবি না তোলার অনুরোধ জানানো হয়। তবে, মেহজাবীন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আকদ, গায়ে হলুদ এবং বিয়ের ছবি পোস্ট করবেন বলে জানা গেছে, যাতে অতিথিরাও তাদের সঙ্গে তোলা ছবি শেয়ার করতে পারেন।
মেহজাবীন ও আদনান দীর্ঘদিন ধরে চুপিসারে প্রেম করছিলেন, আর তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। তবে তারা কখনোই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। কখনও সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেননি তারা।
হলুদ অনুষ্ঠানে মেহজাবীন পরেছিলেন বেগুনি লেহেঙ্গা, আর আদনান পরেছিলেন কালো পাঞ্জাবি ও পায়জামা।
প্রসঙ্গত, সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব সিনেমা ‘নীল সুখ’। কদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।


