প্রাইম ভিশন ডেস্ক »
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের ‘যথাযথ স্থান’ (স্থায়ী সদস্য পদ) পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার। বৃহস্পতিবার মুম্বাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে তিনি এক কথা বলেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভারতকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তার ন্যায্য স্থানে দেখতে চাই।’
প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত। এরমধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য। এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন, নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এছাড়াও ১০ জন অস্থায়ী সদস্য আছে, যারা নিদিষ্ট অঞ্চল থেকে ২ বছরের জন্য নির্বাচিত হয়।
এদিকে জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থায় স্থায়ী সদস্য পদের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে ভারত। গত বছর যুক্তরাষ্ট্র (যখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন), জার্মানি, ফ্রান্স, আফ্রিকান ইউনিয়ন, জাপান এবং ব্রাজিল এই দাবিকে সমর্থন করেছে।
এছাড়া রাশিয়াও ভারতের দাবিকে সমর্থন করেছে; গত মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, বৈশ্বিক সংস্থায় এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য মস্কোর সমর্থন রয়েছে।
গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং অন্যান্য বিশ্ব নেতারা ভারত, জার্মানি, জাপান এবং ব্রাজিলকে অন্তর্ভুক্ত করে একটি ‘আরও প্রতিনিধিত্বমূলক’ জাতিসংঘ কাঠামোর আহ্বান জানিয়েছিলেন।
বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন প্রাপ্ত একমাত্র এশীয় দেশ হল চীন, যার সঙ্গে ভারতের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে তিক্ত, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্কের বিরুদ্ধে লড়াইয়ে বেইজিং- নয়াদিল্লির সম্পর্কোন্নয়নের লক্ষণ দেখা যাচ্ছে।
গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতের পরররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ন্যায়সঙ্গত বৈশ্বিক ব্যবস্থা তৈরির জন্য জাতিসংঘসহ প্রতিষ্ঠিত সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কথা উল্লেখ করেন তিনি।
তবে বিগত কয়েক বছর ধরেই এ বিষয়ে চাপ অব্যাহত রেখেছে ভারত।
ভারতের এই দাবির বিষয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছিলেন, তিনি স্থায়ী সদস্য পদের জন্য ভারতের দাবি ‘সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন’, তবে তিনি বলেছিলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সদস্য দেশগুলোর।


