প্রাইম ভিশন ডেস্ক »
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল রেদওয়ান রনির ‘দম’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরী। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। জানা গেছে, সিনেমাটিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন পূজা চেরী। এরই মধ্যে তিনি সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
পূজা চেরী বাংলা সিনেমার নতুন প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় মুখগুলোর একটি। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও এখন তিনি পরিণত নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‘পোড়ামন ২’, ‘নূরজাহান’, ‘প্রেম আমার ২’, ‘গলুই’, ‘জিন’সহ একাধিক সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। নিজের প্রতিটি কাজে তিনি চেষ্টা করেছেন নতুন কিছু দেখানোর, আর তাই ‘দম’-এর গল্প শুনেই তিনি আগ্রহী হয়ে ওঠেন।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ আগামী বছরের ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে। এটি হবে নির্মাতার বড়পর্দায় ফেরা সিনেমা। আগেই ঘোষণা দেওয়া হয়েছিলÑ সিনেমাটিতে অভিনয় করবেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। এবার পূজা চেরী যুক্ত হওয়ায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে কয়েক গুণ।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্রে জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে কাজাখস্তানে শুরু হবে ‘দম’-এর শুটিং। যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। গল্প, নির্মাণ ও শিল্পী নির্বাচন- সবকিছুতেই বড় আয়োজনের ইঙ্গিত মিলছে এরই মধ্যে।
নির্মাতা রেদওয়ান রনি জানান, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমাটি। তার ভাষায়, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে দম, আর এ গল্পটা সার্ভাইভাল ঘরানার। দর্শক এখানে নতুন কিছু দেখবেন, যা বাংলা সিনেমায় এর আগে দেখা যায়নি।’
অভিনেতা আফরান নিশো বলেন, ‘এই সিনেমায় পারফরম্যান্সের অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের গল্প আমি আগে দেখিনি।’ অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, ‘দম সিনেমার গল্পটা অসাধারণ। আগে এ ধরনের গল্পে কাজ হয়নি। খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।’
শিশুশিল্পী হিসেবে বড়পর্দায় হাজির হয়েছিলেন পূজা চেরী। ২০১৮ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। তারপর সম্ভাবনাময় নায়িকা হিসেবে তাকে নিয়ে ভাবতে শুরু করেন অনেক নির্মাতা। তারপরই ‘পোড়া মন ২’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নেন পূজা। ‘দহন’ ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি। তবে শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমায় অভিনয় করে পূজা চেরী বেশ আলোচনায় ছিলেন। এ সিনেমার পর শাকিবের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই গুঞ্জন সত্যি হয়নি। তবে পূজাও আর ফিরতে পারেননি ছন্দে। যে ছবিই করেছেন, সফল হয়নি। এমনকি আলোচনাও হয়নি। যারা কাজ করেছেন তাকে নিয়ে, তারা হয়েছেন আশাহত। ২০২০ সালে মুক্তি পায় পূজা অভিনীত সিনেমা ‘হৃদিতা’, ২০২৩ সালে ‘জ্বীন’, ২০২৪ সালে ‘লিপস্টিক’, ‘আগন্তুক’ ও সর্বশেষ চলতি বছরের ঈদুল আজহার মুক্তি পায় ‘টগর’। একটি সিনেমাও সুবিধা করতে পারেনি। এখন দেখার বিষয় দম দিয়ে কীভাবে ফেরেন পূজা।


