মঙ্গলবার, মে ৫, ২০২৬
spot_img
Homeসংবাদ১৭ বছর পর লন্ডনে তারেক রহমানের সঙ্গে চসিক মেয়রের দেখা

১৭ বছর পর লন্ডনে তারেক রহমানের সঙ্গে চসিক মেয়রের দেখা

প্রাইম ভিশন ডেস্ক »

সতের বছর পর লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেয়র।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে নিজের ফেসবুক পেজে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বার্তা দেন ডা. শাহাদাত হোসেন।

ছবিসহ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘ ১৭ বছর পর আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সঙ্গে। এর নিচে লিখেন- কিংস্টন, লন্ডন।

ছবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে একবছর দায়িত্ব পালন উপলক্ষে প্রকাশিত একটি বই তুলে দিতে দেখা যায় শাহাদাতকে।

গত ৯ নভেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। আর গত প্রায় ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান।

২০০৮ সালে ওয়ান-ইলেভেন পরবর্তী জরুরি অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারেকের অনুপস্থিতিতে একাধিক মামলায় তার সাজা হয়। অবশ্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি।

অন্যদিকে, ওয়ান-ইলেভেন পরবর্তী জরুরি অবস্থায় দলের দুঃসময়ে মাঠে সক্রিয় থেকে আলোচনায় আসেন সাবেক ছাত্রদল নেতা শাহদাত হোসেন। ক্রমে তিনি তারেক রহমানের আস্থাভাজন হিসেবে রাজনীতিতে পরিচিতি পান। পরবর্তীতে তিনি টানা প্রায় একযুগ চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃত্ব দেন।

২০২১ সালে বিতর্কিত চসিক নির্বাচনে শাহাদাত হেরে গেলেও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর আদালতের নির্দেশে তিনি মেয়রের দায়িত্ব পান। সফলতার সঙ্গে এই দায়িত্ব পালন করছেন তিনি।

এর মধ্যে চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা হ্রাসে কৃতিত্ব অর্জন করেন। দুর্নীতি রোধেও বেশ সফলতা পেয়েছেন। এ কাজে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে বিরোধও সৃষ্টি হয় বলে চসিকের জনসংযোগ বিভাগ সূত্র জানায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়