প্রাইম ভিশন ডেস্ক »
মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পলাতক থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আপিল করার কোনো সুযোগ নেই ।
আজ রোববার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, রাষ্ট্র এই রায় বাস্তবায়নে সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
অ্যাটর্নি জেনারেল আরও জানিয়েছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
একই সঙ্গে, আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও আদালত নির্দেশনা দিয়েছেন।
পলাতক আসামিদের আপিলের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না, বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই।’
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য প্রচারের বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশ সরকার আইনসংগতভাবে যত রকম পদক্ষেপ আছে, সবগুলো নেবে বলে আমরা মনে করি।’
তিনি আরও জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর সরকার তা পর্যালোচনা করে পরবর্তী সব আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে আদালত কোনো মন্তব্য করেননি বলে জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে… আদালত বলেছেন, এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে উনারা কোনো মন্তব্য করেননি।’
রায় বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসংগতভাবেই হবে। বেআইনি বা আইনসংগত নয়, এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না।’


