Friday, June 26, 2026
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু করবে চসিক

চট্টগ্রামে স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু করবে চসিক

প্রাইম ভিশন ডেস্ক »

নগরীর যানজট নিরসন ও আধুনিক নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ইতোমধ্যে প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরি করতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার চসিকের সচিব মো. আশরাফুল আমিনের স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয়।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ট্রাফিক সিস্টেম সুন্দরভাবে সাজানোর জন্য কাজ শুরু করেছি। আমরা একটা সিস্টেম দাঁড় করাবো। কিন্তু এটার তদারকি করতে হবে ট্রাফিক বিভাগকে। যানজট নিরসন ও আধুনিক নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সিগন্যাল লাইটের কোন বিকল্প নেই। আমরা পুরো নগরীকে আধুনিক সিগন্যাল লাইটের আওতায় নিয়ে আসবো। তবে ট্রাফিক বিভাগকেই এটার তদারকি করতে হবে।

ওই অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও আধুনিক নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট ট্রাফিক সিস্টেম ফর ডিফারেন্ট এরিয়াস অব চট্টগ্রাম সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের ডিপিপি তৈরি করতে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

চসিক সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সড়ক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, নজরদারি ও যান চলাচলের দক্ষতা বাড়ানোর জন্য স্মার্ট ট্রাফিক সিস্টেম উন্নয়ন জরুরি হয়ে উঠেছে। এরই আলোকে প্রকল্পটির ডিপিপি প্রণয়নে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রস্তাব তৈরিসহ দিকনির্দেশনা নির্ধারণ করতে এ কমিটি দায়িত্ব পালন করবে।

সদ্যগঠিত চার সদস্যের ওই কমিটিতে সভাপতির দায়িত্বে রয়েছেন চসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব এবং সদস্যসচিব নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন। কমিটির অন্য সদস্যরা হলেন- নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ফখরুল ইসলাম।

কমিটির সদস্যসচিব ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন বলেন, আধুনিক নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগে একটি কনসালটেন্ট ফার্মকে দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে এটার আর অগ্রগতি হয়নি। এখন নতুন করে ওই ফার্মের সাথে কথা হচ্ছে।

তিনি আরও বলেন, পাইলট বেসিসে কিছু জায়গা নির্ধারণ করে তারা শীঘ্রই কাজ শুরু করবে। তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ফিজিবিলিটি স্ট্যাডি এবং ড্রয়িং-ডিজাইনের কাজ করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়