প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে উত্তর কাট্টলীস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়র ডা. শাহাদাত হোসেন স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিছুক্ষণ নীরবতা পালন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা শেষে প্রতিমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা দিবসে আমাদের মূল লক্ষ শহিদদের স্বপ্নের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা। দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ঘোষিত রাষ্ট্র সংস্কারের আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের নতুন এক রূপরেখা আপনাদের সামনে উপহার হিসেবে দিয়েছে। সরকারের ইশতেহারের মূল ভিত্তি হলো জনকল্যাণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এই নতুন রূপরেখা বাস্তবায়নে এবং দেশের প্রকৃত গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মেয়র শাহাদাত হোসেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ সকল বীর সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না।


