মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ভূমি ভবন পরিদর্শন করেছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে তিনি ভূমি ভবনে উপস্থিত হয়ে নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে সেবা প্রদানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি এস.এ. খতিয়ান, আর.এস. খতিয়ান, নামজারি খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহে আসা সেবা গ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সেবার মান সম্পর্কে তাদের মতামত নেন।
এ সময় মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


