প্রাইম ভিশন ডেস্ক »
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ইতোমধ্যে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) মনোনীত ৩৬ জনের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এতে সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হতে যাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারীর পরিচিত মুখ, ২০১৫ সালে জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের মিথ্যা অভিযোগ এনে র্যাবের দায়ের করা মামলায় কারা নির্যাতিত বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা।
ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) সংসদীয় আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের জ্যেষ্ঠ কন্যা। বাবার উত্তরসূরি হিসেবে তিনি চট্টগ্রামের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন।
বিগত সরকারের আমলে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। ২০১৫ সালে জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের মিথ্যা অভিযোগে র্যাবের দায়ের করা মামলায় তিনি দীর্ঘ ১০ মাস ৮ দিন কারাবরণ করেন। তবে বিএনপি শুরু থেকেই একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১০ মার্চ আদালত তাকে এবং অন্য আসামিদের নির্দোষ ঘোষণা করে এই মামলা থেকে খালাস দেন।
১৯৭৭ সালের ২৫শে অক্টোবর চট্টগ্রামে জন্ম নেয়া হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ বড় মীরা পাড়ার কৃতিসন্তান ব্যারিস্টার শাকিলা ফারজানা পেশাগত জীবনে একজন সফল আইনজীবী শাকিলা ফারজানা ২০০৯ সাল থেকে তিনি পুরোপুরি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের মানবাধিকার সম্পাদক এরপর আন্তর্জাতিক সম্পাদক এবং বর্তমানে যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছেন। ২০১৪ সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হন। এরপর ২০২৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য হিসেবে আছেন।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি রাজপথে এবং আইনি অঙ্গনে বিএনপির নীতি-আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দলের আন্দোলন সংগ্রামে অংশ নিতে গিয়ে তাকে মামলার শিকার হয়ে বিশেষ করে দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান ও মানবাধিকার রক্ষায় তার ভূমিকা দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নেমে নারীদের সঙ্গে উঠান বৈঠক ও গণসংযোগ করে বিএনপি প্রার্থীদের বিজয়ে অগ্রণী ভূমিকা পালনকারী ব্যারিস্টার শাকিলা ফারজানার নাম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চুড়ান্ত হওয়ার খবরে হাটহাজারী উপজেলা ও পৌরসভায় তার দলীয় নেতাকর্মী, ভক্ত, অনুরাগী ও সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, নবঘোষিত সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা এলাকার অবকাঠামো ও সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেবেন।


