সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি ওসমান গনি প্রকাশ মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশ নিশ্চিত করেছে, রোববার দুপুর আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে অন্তত ১৮টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওসমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭ দশমিক ৬৫ বোর পিস্তল (ম্যাগজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১টি পিস্তলের গুলি, রাইফেলের গুলি, ১৭টি শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্র, নগদ ৫১ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ ও সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার তথ্যও পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, তার কাছ থেকে হৃদয় (৩০) ও রাজু (৩২) নামক পলাতক আরও দুজনের সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

গ্রেপ্তার হওয়া ওসমানের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোর তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়