প্রাইম ভিশন ডেস্ক »
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে শনিবার (৪ জুলাই) ভোরে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামছে আফ্রিকার দেশটি।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাসেও আর্জেন্টিনাই স্পষ্ট ফেবারিট। ম্যাচের আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ১২ দশমিক ৩ শতাংশ।
অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিলে শেষ আটে ওঠার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা ৮৯ দশমিক ৪ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের সম্ভাবনা মাত্র ১০ দশমিক ৬ শতাংশ।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ওই ম্যাচে জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও বদলি হিসেবে নেমে লিওনেল মেসি গোল করেন।
অন্যদিকে স্পেন, সৌদি আরব ও উরুগুয়েকে নিয়ে কঠিন গ্রুপে তিনটি ম্যাচই ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেকেই অপরাজিত থেকে শেষ ষোলোয় ওঠা প্রথম দল হিসেবে ২০০২ সালের সেনেগালের পর নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি।
জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম ফুটবলারও হয়েছেন তিনি। এই সাত ম্যাচে তার গোলসংখ্যা ১১।
এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে সর্বশেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল ও চার অ্যাসিস্ট করে মোট নয়টি গোলে সরাসরি অবদান রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
কেপ ভার্দের সবচেয়ে বড় ভরসা তাদের শক্তিশালী রক্ষণভাগ। দলটির ৪০ বছর বয়সি গোলরক্ষক ভোজিনিয়া চলতি বিশ্বকাপে দুটি ক্লিন শিট রেখেছেন। ৪০ বছর বা তার বেশি বয়সে বিশ্বকাপে একাধিক ক্লিন শিট রাখা গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায় তিনি জায়গা করে নিয়েছেন কিংবদন্তি পিটার শিলটন ও দিনো জফের পাশে।
আর্জেন্টিনা ও কেপ ভার্দের এটি হবে ইতিহাসের প্রথম মুখোমুখি লড়াই। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে নিজেদের সর্বশেষ সাতটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। তবে ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে আফ্রিকান দলের বিপক্ষে একমাত্র পরাজয়ের স্বাদ পেয়েছিল আলবিসেলেস্তেরা।
অন্যদিকে, বিশ্বকাপে অভিষেকেই নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়া ইতিহাসের মাত্র তৃতীয় দল কেপ ভার্দে। তাই কঠিন সমীকরণ সামনে থাকলেও চমক দেখানোর আশাতেই মাঠে নামবে দলটি।


