Friday, July 10, 2026
spot_img
Homeএই মুহুর্তেবাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের সময়: ইতালিয়ান রাষ্ট্রদূত

বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের সময়: ইতালিয়ান রাষ্ট্রদূত

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় এখন ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বৃহস্পতিবার (৯ জুলাই) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে বি-টু-বি ওয়ার্কশপে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইতালির সাথে বাংলাদেশের রয়েছে ২ বিলিয়ন ইউরোর বেশি বাণিজ্য। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো আমদানি করে।

তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতে পণ্য বৈচিত্র্যকরণ ও গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে ইতালিয়ান কোম্পানিগুলো মেশিনারিজ ও প্রযুক্তিগত প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন। একই সাথে তিনি চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইতালিয়ান এবং বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর পাড়ে গড়ে উঠছে চায়না অর্থনৈতিক জোন ও ফ্রি ট্রেড জোন, মাতারবাড়ীতে হচ্ছে আরও একটি ফ্রি ট্রেড জোন।

এ ছাড়া চীন সরকারের সঙ্গে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। এ সব উদ্যোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিকস হাবে পরিণত করবে।
চট্টগ্রামের এসব সুবিধাদি কাজে লাগিয়ে ইতালিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। চেম্বার সভাপতি একই সাথে ফ্রি ট্রেড জোনে একই পাতায় সব লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে বলে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পণ্য বৈচিত্র্যকরণ বিশেষ করে টেক্সটাইল, লেদার ও স্টিল সেক্টরের মেশিনারিজ ও প্রযুক্তিগত উন্নয়নে ইতালিয়ান কোম্পানিগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন।

ওয়ার্কশপে ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী বলেন, টেক্সটাইল খাতে ইতালিয়ান মেশিনারিজের প্রচুর চাহিদা রয়েছে। এ ধরণের বি-টু-বি আলোচনার মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান বিনিময় করতে পারবে।

ওয়ার্কশপে ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এমএ ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এসএম আবু তৈয়ব ও এম মহিউদ্দিন চৌধুরী, বিকেএমইএর পরিচালক আহমেদ নূর ফয়সাল, বিটিএমইএর মির্জা আহমেদ ইস্পাহানী, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিনসহ ইতালি ও বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল সেক্টরের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা ইতালির রপ্তানিকৃত মেশিনারিজের জন্য সার্ভিস সেন্টার স্থাপন, মেরামত ও পরিচালনার জন্য এখানকার অপারটেরদের দক্ষ করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে যৌথ ট্রেনিং সেন্টার স্থাপন এবং বাংলাদেশের তৈরিপোশাক খাতের পাশাপাশি অন্যান্য উৎপাদনশীল খাতের মেশিনারিজ বাংলাদেশে উৎপাদন ও বিপণনের জন্য ইতালিয়ান কোম্পানির একক বা যৌথ বিনিয়োগ প্রত্যাশা করেন।

ওয়ার্কশপে ইতালিয়ান বিভিন্ন মেশিনারিজ কোম্পানি তথ্যচিত্রের মাধ্যমে তাদের পণ্য, সেবা তুলে ধরেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়