প্রাইম ভিশন ডেস্ক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোহাম্মদ আছিফ চৌধুরী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন আছিফ-জাহাঙ্গীর পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নির্বাচিত কমিটিতে ভাইস-চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সকল সদস্য ও স্বেচ্ছাসেবকের সহযোগিতায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করতে চাই।
তিনি বলেন, জেমিসন হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
বিশেষ সাধারণ সভায় রেড ক্রিসেন্টের চট্টগ্রাম জেলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কমিটির নতুন নেতৃত্ব মানবিক কার্যক্রম সম্প্রসারণ, হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে।


