প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের ইপিজেড এলাকায় ওভারটেক করতে গিয়ে একটি বাস অপর একটি বাসকে ধাক্কা দিলে বাসচালকের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ থেকে ২০ জন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নতুনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আলমগীর (৪৫)।
আহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন- শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর (২৩) ও হিনজুর (২২)। বাকিদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। আহতরা কেইপিজেড এলাকার বেনকট নামের একটি পোশাক কারখানার শ্রমিক।
স্থানীয়দের বরাতে পতেঙ্গা থানার ওসি পারভেজ আলী জানান, দুইটি বাসেই পোশাক কারখানার শ্রমিকরা ছিলেন। বাস দুটি প্রতিযোগিতা করে ওভারটেক করার সময় একটি আরেকটিকে ধাক্কা দেয়। এতে একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে দরজায় দাঁড়িয়ে থাকা আলমগীরের মাথা সম্পূর্ণ থেঁতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি পারভেজ জানান, বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


