Homeএই মুহুর্তেসাত পিস্তল সামনে রেখে ‘আমি তুফান’ বলে হুমকি, ভাইরাল হওয়া সেই ‘বুলেট’...

সাত পিস্তল সামনে রেখে ‘আমি তুফান’ বলে হুমকি, ভাইরাল হওয়া সেই ‘বুলেট’ গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

সামনে সারিবদ্ধভাবে সাতটি পিস্তল রেখে ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’ বলে হুমকি দেওয়ার ভাইরাল ভিডিওর ঘটনায় মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গত ৯ নভেম্বর নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্রের ছবি, ভিডিও ও হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করতেন শাওন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ভিডিওতে কাপড়ের ওপর সারিবদ্ধভাবে পিস্তল সাজানো দেখা যায়। এ সময় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যাও। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি। সময় থাকতে পালিয়ে যাও। আমি তুফান।’

তবে ভিডিওটি সাম্প্রতিক নয়। এর আগে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন  জানিয়েছিলেন, ভিডিওটি ২০২৫ সালের ডিসেম্বরের আগের। ওই বছরের ডিসেম্বরে বুলেট হৃদয়কে গ্রেপ্তারের পর তার মুঠোফোনে ভিডিওটি পাওয়া যায়। তখন এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।

ওই সময় পুলিশ কর্মকর্তা জানিয়েছিলেন, ভিডিওতে দেখানো সাতটি অস্ত্রের মধ্যে একটিকে পুলিশের ব্যবহৃত টরাস পিস্তলের মতো মনে হয়েছে। তবে অস্ত্রটি পুলিশের কি না বা কীভাবে সেটি ওই ব্যক্তির কাছে গেল, তা নিশ্চিত হওয়া যায়নি।

এবার গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন পুলিশকে জানান, ভিডিওতে দেখানো আগ্নেয়াস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ২০২৫ সালের ৩০ অক্টোবর র‌্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভাণ্ডার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শাওন বিভিন্ন সময়ে মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করতেন।

শাওন রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, আগ্নেয়াস্ত্রের উৎস এবং চাঁদাবাজিতে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়